বিষয় -১১ : ইসলামী ব্যাংক বিনিয়োগ গ্রাহকের কাছে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে ব্যাংকের পাওনা পরিশোধের জন্য গ্রাহককে নির্দিষ্ট সময় দিয়ে থাকে। কিন্তু কোনো কোনো বিনিয়োগ গ্রাহক মেয়াদপূর্তির আগেই ব্যাংকের পাওনা পরিশোধ করে থাকেন। এ ক্ষেত্রে গ্রাহক ব্যাংকের প্রাপ্য মুনাফা (profit receivable) এর কিছুটা ইবরা (ছাড়/rebate) দেয়ার জন্য ব্যাংকের কাছে আবেদন করে থাকেন। এমতাবস্হায় ব্যাংক কর্তৃক ইবরা (ছাড়/rebate) দেয়ার বিষয়টি শরী'আহসম্মত কি?
সিদ্ধান্ত : চুক্তিতে উল্লেখিত নির্দিষ্ট সময়ের আগে বিনিয়োগ গ্রাহক পণ্যের মূল্য বা ব্যাংকের পাওনা পরিশোধ করে দিলে কোনো প্রকার পূর্বশর্ত ও সমঝোতা ব্যতীত সময়নুপাতিক হারে তাকে ইবরা (ছাড়/rebate) প্রদান করা যাবে। আলোচ্য ইবরার পরিমান চুক্তিতে ধার্যকৃত মুনাফার অনুপাতে হওয়াই বাঞ্ছনীয়।
(সূত্র: ১১আগস্ট,১৯৯০ সালে অনু্ষ্টিত শরী'আহ কাউন্সলের ২৮শ অধিবেশনের কার্যবিবরণী)
বিষয় -১২ : মেয়াদোত্তীর্ণ হিসাবে মেয়াদপূর্তির আগে অগ্রিম পরিশোধকৃত অর্থের ওপর রিবেট প্রদান করা শরী'আহসম্মত কি না?
সিদ্ধান্ত : বিনিয়োগ গ্রাহক যদি মেয়াদপূর্তির আগে পণ্যের বিক্রয়মূল্যের আংশিক পাওনা ( পণ্যের ক্রয়মূল্য + মুনাফা অন্যান্য আনুষঙ্গিক খরচ) পরিশোধ করেন কিন্তু পরে নির্ধারিত দিনে বাকি পাওনা পরিশোধ করতে না পারলে সে ক্ষেত্রে তাকে রিবেট না দিয়ে তার কাছ থেকে পুরো পাওনা আদায় করা সঙ্গত নয়। তাই বাই'মুরাবাহা চুক্তি অনুযায়ী মেয়াদোত্তীর্ণ বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদপূর্তির আগে অগ্রিম পরিশোধকৃত আংশিক বিনিয়োগ পাওনার রিবেট প্রদান করতে হবে। তবে খেলাপি অংশের ওপর আনুপাতিক হারে ক্ষতিপূরণ আরোপ করা যাবে এবং তা ব্যাংকের বৈধ আয়ের অন্তর্ভূক্ত করা যাবে না।
( সূত্র: ২৫ জুন ২০১৪ সালে অনু্ষ্টিত শরী'আহ সুপারভাইজারি কমিটির ১৭৮তম অধিবেশনের
কার্যবিবরণী )
গ্রাহকের প্যাডে ক্যাশমেমো তৈরি
বিষয় -১৩ : বাই'মুরাবাহা ও বাই'মুয়াজ্জাল পদ্ধতিতে বিনিয়োগের ক্ষেত্রে ক্রয় -বিক্রয়ের প্রমাণস্বরূপ ব্যাংক সরবরাহকারী প্রদত্ত ক্যাশমেমো সংরক্ষণ করে থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে সরবরাহকারী কর্তৃক প্রদত্ত ক্যাশমেমোর পরিবর্তে বিনিয়োগ গ্রাহক তার ব্যক্তিগত প্যাডে ক্যাশমেমো তৈরি করেন। এ ধরনের ক্যাশমেমো গ্রহণ করা শরী'আহসম্মত হবে কি ?
সিদ্ধান্ত : গ্রাহকের ব্যক্তিগত প্যাডে তৈরিকৃত ক্যাশমেমো গ্রহণযোগ্য নয়। ব্যাংক কর্তৃক পণ্য ক্রয়ের প্রমাণস্বরূপ ক্রয়মূল্য প্রদানের বিপরিতে যথাযথ ক্যাশমেমো সংরক্ষণ করতে হবে। অন্যথায় ব্যাংক কর্তৃক সঠিকভাবে পণ্য ক্রয় -বিক্রয় না হওয়ার মতো সন্দেহের অবকাশ থেকে যাবে।
( সূত্র: ১৯ আগস্ট ১৯৯২ সালে অনু্ষ্টিত শরী'আহ
কাউন্সলের ৩৪শ অধিবেষনের কার্যবিবরণী)
চলতি মূলধনে বিনিয়োগ
বিষয় -১৪ : চলতি মূলধনের ক্ষেত্রে কাঁচামাল
(raw material) এর চাহিদা পূরণের জন্য বাই'মুরাবাহা পদ্ধতিতে বিনিয়োগ প্রদান শরী'আহসম্মত কি ?
সিদ্ধান্ত : চলতি মূলধনের ক্ষেত্রে কাঁচামাল (raw material) -এর চাহিদা পূরণে বাই'মুরাবাহা বা বাই'মুয়াজ্জাল পদ্ধতিতে বিনিয়োগ প্রদান করা যেতে পারে। এ ক্ষেত্রে ব্যাংক সরবরাহকারী থেকে পণ্য ক্রয় করে বিনিয়োগ গ্রাহকের কাছে বাই'মুরাবাহা বা বাই'মুয়াজ্জাল পদ্ধতিতে বিক্রয় করবে। এভাবে বিনিয়োগ করায় শরী'আহর কোনো আপক্তি নেই। (সূত্র: ৩১ জুলাই ২০০২ সালে অনু্ষ্টিত শরী'আহ কাউন্সলের ১০৫তম অধিবেষনের কার্যবিবরণী)
ডেলিভারি অর্ডারের বিপরীতে বিনিয়োগ
বিষয় -১৫ : অনেক কোম্পানি তাদের অনুমোদিত (authorized) ডিলারের মাধ্যমে পণ্য বাজারজাত করে। এসব ডিলারকে পণ্য সরবরাহের আগেই তাদের নামে বরাদ্দকৃত পণ্যের বিপরীতে ডিও (Delivery Order) ইস্যু করা হয়। ডিলারগণ কখনো উক্ত ডিও লেটার ইস্যুকারী কোম্পানি হতে পণ্য উত্তোলন করেন আবার কখনো উত্তোলন না করে তা অন্যের কাছে লাভে বিক্রয় করেন। এভাবে কখনো কখনো ডিও -টি কয়েক হাত বদল হয়। উক্ত ডিও ক্রয়ের বিপরীতে বিনিয়োগ প্রদান বৈধ কি ?
সিদ্ধান্ত : ডেলিভারি অর্ডারের মাধ্যমে ব্যাংক পণ্য ক্রয়ের আইনগত অধিকার অর্জন করে। কিন্তু শুধু ডিও'র মাধ্যমে মূল ক্রয় -বিক্রয় সংঘটিত না হওয়ায় এর বিপরীতে মুরাবাহা বিনিয়োগ বৈধ নয়। এ ক্ষেত্রে পে - অর্ডার বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ডিও ইস্যুকারী কোম্পানিকে ডিও -র বিপরীতে থাকা পণ্যের মূল্য পরিশোধপূর্বক ব্যাংক সরাসরি পণ্য ক্রয় করবে এবং উক্ত পণ্য বিনিয়োগ গ্রাহকের কাছে বাই'মুরাবাহা বা বাই'মুয়াজ্জাল পদ্ধতিতে বিক্রয় করবে।
( সূত্র: ১৯ ডিসেম্বর, ২০০২ সালে অনু্ষ্টিত শরী'আহ কাউন্সলের ১০৭তম অধিবেশনের কার্যবিবরণী )
No comments:
Post a Comment